দিনাজপুর শহরের তালতলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফ, পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এছাড়া অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো স্বীকৃত প্রশিক্ষণ বা সনদপত্র পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ক্লিনিকে ভর্তি থাকা এক প্রসূতি রোগীকে তাৎক্ষণিকভাবে অন্য একটি অনুমোদিত হাসপাতালে স্থানান্তর করা হয়।
একই ভবনের নিচতলায় অবস্থিত ইউনিক ডায়াগনস্টিক সেন্টার-এও প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে রংধনু ক্লিনিকের পার্টনার ললিত রায় এবং শেয়ার পার্টনার জয়নুল আবেদিন জরিমানার অর্থ পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে সব নিয়মকানুন মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফ জানান, সিভিল সার্জন কার্যালয়ের নিকটেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন, নিবন্ধিত চিকিৎসক এবং সঠিক ব্যবস্থাপনার অভাব থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।