অপপ্রচারের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ — সোনাইমুড়ীতে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি

ইয়াছিন শরীফ অনিক
প্রকাশ: ৫ দিন আগে

সোনাইমুড়ী উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়ে তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে সুবিধা নিতে পরিকল্পিতভাবে বিএনপি ও এর নেতাকর্মীদের জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। “এসব অভিযোগ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা,”—বলেন তিনি।

কুতুব উদ্দিন সানীর ভাষ্য অনুযায়ী, ২ নম্বর নদনা ইউনিয়নের একটি ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে “সামান্য ভুল বোঝাবুঝি” তৈরি হয়। পরে উভয় পক্ষের স্থানীয় দায়িত্বশীল নেতারা বসে বিষয়টি মীমাংসা করেন। তার দাবি, সমঝোতার পরও বিষয়টি অতিরঞ্জিত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। আমরা সবসময় শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক চর্চায় বিশ্বাস করি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।”

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা চলছে। তারা দাবি করেন, এ ধরনের বক্তব্য স্থানীয় পর্যায়ে সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।

নেতারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ ও অপপ্রচার অব্যাহত থাকলে দল আইনগত ও রাজনৈতিক—উভয়ভাবে—উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নেতাকর্মী ও সাধারণ জনগণকে “গুজব বা একপাক্ষিক তথ্য” যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানান।

error: Content is protected !!