সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয়।
অভিযোগ দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগে অন্য অভিযুক্তরা হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে অভিযুক্তরা সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে পুনর্গঠনের প্রচারণা চালাচ্ছে, যা ছাত্রলীগ ও যুবলীগকে প্ররোচিত করছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে।
এদিকে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে আনিস আলমগীর সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।
জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। জিমের ম্যানেজার আরেফিন জানিয়েছেন, আনিস সন্ধ্যায় জিমে এসেছিলেন এবং রাত ৮টার দিকে বের হয়েছেন। জিমে পুলিশের কোনো উপস্থিতি তিনি দেখেননি।