আমন মৌসুমে রেকর্ড ফলন, উচ্ছ্বসিত কৃষকরা

ইকবাল হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

ছাগলনাইয়ায় এবার আমন মৌসুমে কৃষকের মুখে লেগেছে তৃপ্তির হাসি। অগ্রহায়ণ মাসের আগমনে উপজেলার নানা গ্রামে চলছে সোনাঝরা ধান কাটার ধুম। মাঠ থেকে ঘরে তুলতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষক–কৃষাণীরা। পরিশ্রমের মাঝেও তাদের মুখে ফুটে উঠছে আনন্দের রেশ—এ যেন এক উৎসবমুখর কর্মযজ্ঞ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, ধান কাটার দৃশ্যে চারদিকে সরব হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। শুভপুর ইউনিয়নের কৃষক আমীন আলী জানান, “এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন অনেক ভালো হয়েছে। আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।”

পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের অভিজ্ঞ কৃষক মুহাম্মদ শহীদ উল্যাহ বলেন, “গত কয়েক বছরের চেয়ে এবার ফলন সবচেয়ে বেশি। ৪০ শতক জমিতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। তবে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। গত দশ বছরে এমন ফলন দেখিনি।”

গোপাল ইউনিয়নের মুহুরিগঞ্জ গ্রামের কৃষক মানিক চন্দ্র শীল জানান, “এক কানিতে (৪০ শতক) রোপা আমনে প্রায় ১৫ হাজার টাকা খরচ পড়ে। খরচ আগের তুলনায় কিছুটা বেশি হলেও ধান খুব ভালো হয়েছে।” তবে তিনি বাজারদর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেলে লাভ হবে না—এই চিন্তাটাই বেশি করছে।”

কৃষি অফিসের মতে, favorable weather এবং সঠিক সময়মতো চাষাবাদের কারণে এ বছর উপজেলার আমন ধানের উৎপাদন আশাব্যঞ্জক। কৃষকেরা যদি বাজারে ন্যায্য মূল্য পান, তাহলে এ সাফল্য আরও বড় হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!