দেশের চলমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিনিয়োগ না বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়, আর কর্মসংস্থান নিশ্চিত করাই বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, “দেশের অর্থনীতিতে একটি সংকটময় সময় চলছে। এই অবস্থা কাটিয়ে উঠতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান হয় না।” তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টিকে সামনে রেখে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনার বিষয়ে বিএনপি নির্বাচনের আগে জাতির কাছে যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়ন করা হবে। “শিক্ষায় গুণগত পরিবর্তন আনা হবে এবং স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে,” বলেন তিনি। আগামী বাজেটেও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প সম্পর্কে আমীর খসরু বলেন, এখানে একটি জেনারেল হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। “এই খাতে দেশে বড় ঘাটতি রয়েছে। তাই পর্যাপ্ত জায়গা প্রয়োজন। আমরা কয়েকটি জায়গা পর্যালোচনা করছি, সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য হিসেবে দেওয়া নিজের ‘১১ দফা’ নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “চট্টগ্রাম-১১ আসনের জন্য দেওয়া ১১ দফা প্রতিশ্রুতি, যা ‘১১ তে ১১’ নামে পরিচিত—ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করা হবে।”
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।