অর্থ ছাড়পত্র পেলেই ১০ হাজার কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১ ঘন্টা আগে

পুলিশের জনবল বাড়াতে খুব শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই দ্রুত ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।” তিনি আরও জানান, কনস্টেবল নিয়োগের পাশাপাশি এসআই এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এএসপি নিয়োগের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। এসব নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া তিনি বলেন, পুলিশের সার্জেন্ট পদে ১৮০টি শূন্য আসনে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই যথাযথ ও স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা আরও বাড়বে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

error: Content is protected !!