রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে বিএনপির মিডিয়া উইং জানায়, উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তার উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতেও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং দলের অন্যান্য নেতারা।
এছাড়াও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।