আতিকুলের মেয়ে বুশরা আফরিনের বিরুদ্ধে ঢাকায় সিসা বার চালানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের বিরুদ্ধে গুলশানে সিসা বার পরিচালনার অভিযোগ উঠেছে। তিনি ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বাংলাদেশসহ পুরো এশিয়ার প্রথম সিএইচও হিসেবেও পরিচিত ছিলেন।

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে জানা যায়, গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার এলাকায় বুশরার পরিচালনায় একটি সিসা বার চালানো হচ্ছিল। সেখানে রাতের বেলায় তরুণ-তরুণীদের উপস্থিতি ও সিসা সেবনের অভিযোগ পাওয়া গেছে।

সিসা বা হুক্কা জাতীয় তামাকজাত দ্রব্য খোলা স্থানে পরিবেশন ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ হলেও অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বুশরা আফরিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় কি আইনের প্রয়োগে ভিন্নতা দেখা দিচ্ছে? চলমান তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে এই আলোচিত ঘটনার পরবর্তী পদক্ষেপ।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!