আদানির চূড়ান্ত হুঁশিয়ারি: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ঝুঁকিতে!

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ভারতের আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চূড়ান্ত সতর্কতা দিয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কোম্পানিটি।

আদানির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর বিপিডিবি চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে এই সতর্কতা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিপিডিবির কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ এখনও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবি স্বীকৃত অপরিশোধিত বিল হিসেবে মেনে নিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও (সর্বশেষ ২৭ অক্টোবরের চিঠি) বিপিডিবি পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে। ফলে ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের (পিপিএ) ধারার অধীনে আদানি পাওয়ার সরবরাহ বন্ধের অধিকার প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। তবে, সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী ‘ডিপেন্ডেবল ক্যাপাসিটি’ ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার আদানি কোম্পানির রয়েছে।

এর আগে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করেছেন, অর্থ পরিশোধে বিলম্ব হলে কোম্পানির কার্যক্রম ও অর্থায়ন মারাত্মক চাপে পড়বে।

অন্যদিকে বিপিডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আদানির দাবি করা অর্থের বড় একটি অংশ নিয়ে আমাদের আপত্তি রয়েছে। বিশেষ করে কয়লার দামের বিরোধ নিষ্পত্তি না হলে এই পাওনা শোধ করা সম্ভব নয়।”

আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়চুক্তি অনুযায়ী ঝাড়খন্ড বিদ্যুৎ কেন্দ্র থেকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। অতীতে বকেয়া পরিশোধে বিলম্বের কারণে একাধিকবার আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল, যা জাতীয় গ্রিডে চাপ সৃষ্টি করেছিল।

error: Content is protected !!