চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি দলের নাম ভাঙিয়ে বা প্রভাব খাটিয়ে অন্যায় কাজে জড়ায়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, “বিগত সময়ে কিছু লোক বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এবং প্রভাব খাটিয়ে থানা-পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এসব অপকর্ম বন্ধ করতে হবে। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।