আনোয়ারায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত চলছে

রুপন দত্ত | আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ৩৬ minutes ago

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাফরিন আফরোজা তুহিন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুহিন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের ফকিরপাড়া এলাকার প্রবাসী মো. নাঈম উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় তুহিনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ সময় তার গলা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা গেলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “নিহতের গলা ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে কিছু অসংগতি পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

error: Content is protected !!