আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই তেলের দাম কমে গেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পরই বৈশ্বিক জ্বালানি বাজারে দাম কমতে শুরু করে।

সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও পরে তা দ্রুত কমে যায়। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক জ্বালানি বাজারে বেশ অস্থিরতা লক্ষ্য করা গেছে।

এর আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম এত উচ্চতায় পৌঁছায় তেলের দাম।

তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক বিক্রি শুরু হয়। একই সঙ্গে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’।

এর আগে সোমবার এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৫০ ডলার পর্যন্ত উঠে যায়। তবে পরে তা দ্রুত কমে দিনের শেষে ৯৮ দশমিক ৯৬ ডলারে নেমে আসে।

সূত্র: আল জাজিরা

error: Content is protected !!