ভোলার মনপুরা উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দ্বীপজুড়ে বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ আদায়ের সময় হঠাৎ করে পুরো মসজিদ কেঁপে ওঠে। বিষয়টি মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।