যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকেই মার্কিন অর্থ বিভাগ যে পরিমাণ ঋণ গ্রহণ করছে, তাতে দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত ১৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। অল্প সময়ের মধ্যে ঋণের এ দ্রুত বৃদ্ধি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
এদিকে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)–এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই দেশটির কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি আরও ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। এতে করে আর্থিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বিশ্লেষকদের মতে, বর্তমান অর্থনৈতিক নীতি অব্যাহত থাকলে আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বিশেষ করে করনীতি, সামরিক ব্যয় এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এ ঋণ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঋণের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে না আনতে পারলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
For more news visit: https://deshedition.com/