আলু আর ধানেই টিকে কৃষি, দাম না পেয়ে চাপে চাষিরা

প্রতিবেদক: আবু জাফর | কালাই, জয়পুরহাট :
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

জয়পুরহাটের কালাই উপজেলায় আলু ও ধানকে ঘিরেই কৃষিনির্ভর অর্থনীতি। চলতি মৌসুমে উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আলুর আবাদ হলেও বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় চাপে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে কালাই উপজেলায় প্রায় ১০ হাজার ৬১০ থেকে ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি শতক জমিতে আলু চাষে গড়ে প্রায় ১ হাজার ৩০০ টাকা ব্যয় হয়েছে। কিন্তু বর্তমানে শতকপ্রতি আলু বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় কম। এতে অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।

স্থানীয় কৃষক নাইম ও তফিজ উদ্দীন বলেন, গত বছরের তুলনায় এ বছর আলুর দাম কম। উৎপাদন ভালো হলেও বাজারমূল্য কম থাকায় খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।
কৃষকদের ভাষ্য, বীজ, সার, সেচ ও শ্রমিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় চাষের খরচ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বাজারদর না থাকায় তারা আর্থিক চাপে পড়ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্টদের মতে, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা বাড়ানো গেলে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারেন।

error: Content is protected !!