আসন সমঝোতা প্রসঙ্গে জামায়াতের জরুরি বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ও জামায়াতের পক্ষ থেকে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছিল। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান থাকার কথাও জানানো হয়।

অন্যদিকে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। একইসঙ্গে বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানায় দলটি।

জামায়াতের আজকের জরুরি বৈঠকে সাম্প্রতিক ঘোষণাগুলো পর্যালোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

error: Content is protected !!