চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, নৈতিকতার বিরুদ্ধে কোনো কাজ হলে সেখানে ছাড় দেওয়ার সুযোগ নেই। সচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করেই দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, “আমার নেতাকর্মীরা আমার জন্য, দলের জন্য নির্ভীকভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছে। বিপুল ভোটে বিজয় অর্জনে তাদের অবদান অনস্বীকার্য। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং সবসময় তাদের পাশে থাকবো।”
পরিদর্শনকালে তিনি আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী, এমপি পুত্র সাওয়াজ নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।