ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার (১২ নভেম্বর) ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স ও স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের আগামীকাল (১৩ নভেম্বর) ঘোষিত ‘লকডাউন’ নিয়ে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, “আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে।”
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতসহ আট দলের প্রতি তিনি মন্তব্য করেন, “আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। গণভোট বাংলাদেশে অবশ্যই হবে। বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না, কারণ দেশের বড় অংশ জনগণ গণভোট চায়।”
এছাড়া তিনি বলেন, “খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। এখন যারা আছেন, যদি তারা জনগণের ভাবনা বুঝতে না পারেন এবং নিজের পায়ে নিজেই কুড়াল মারেন, তাহলে আমাদের করার কী আছে?”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, “গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, তাদের কোনো দাবি পূরণ হয়নি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে, যা সরকারের জন্য লজ্জার বিষয়।”