ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির (রহ.) প্রতি সম্মান জানিয়ে ঢাকায় ইরান দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার সকালে দূতাবাসে গিয়ে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও ব্যক্তিত্বদের অবদান সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তাঁর অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের জীবন আল্লাহর কাছে এক পবিত্র আমানত—এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।
তারা ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।