যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (HRANA)।
সংস্থাটির তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ১ হাজার ৩৯৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে। এছাড়া ১ হাজার ১৬৫ জন সামরিক সদস্য এবং আরও ৬৫৭ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
তবে হতাহতের সংখ্যা নিয়ে ইরানের সরকারি তথ্যের সঙ্গে এই মানবাধিকার সংস্থার হিসাবের বড় পার্থক্য দেখা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।
মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, তারা মাঠপর্যায়ের তথ্য, স্থানীয় সূত্র, হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রের তথ্য এবং বিভিন্ন নাগরিক নেটওয়ার্কের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি ছবি, ভিডিও এবং সরকারি বিবৃতির মতো উন্মুক্ত উৎস থেকেও তথ্য যাচাই করা হয়েছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মানবাধিকার সংস্থাটির দেওয়া হতাহতের এই সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
দেশ এডিশন/আন্তর্জাতিক ডেস্ক/মার্চ ২১, ২০২৬