ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতির মধ্যে সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সীমিত করার উদ্যোগ নেওয়ার পর দেশটিতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সামরিক জ্যামার ব্যবহার করে ইরান স্টারলিংকের সংযোগ একাংশে কার্যত অকার্যকর করে দিয়েছে।
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস–এ প্রকাশিত এক প্রতিবেদনে ‘ইরান ওয়্যার’–এর বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের ভেতরে বিপুল সংখ্যক স্টারলিংক ইউনিট সক্রিয় থাকার কথা শোনা গেলেও বাস্তবে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগেও বড় প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত ব্যাহত হয়। তবে কিছু সময়ের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয় এবং পরবর্তীতে দেখা যায়, স্টারলিংক ইন্টারনেটের ৮০ শতাংশের বেশি ট্র্যাফিক নানা বাধার মুখে পড়ছে।
উল্লেখ্য, ইরানে ইন্টারনেট সীমিত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক ইরানের জন্য স্টারলিংক সংযোগ সক্রিয় করার ঘোষণা দেন এবং ইরানিদের সহায়তার কথা জানান বলে জানা যায়। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটিতে স্টারলিংকের কার্যক্রম প্রত্যাশিতভাবে বজায় রাখা যাচ্ছে না।