ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

প্রকাশ: ৩ মাস আগে

দেশ এডিশন নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত গেজেটে প্রতীকটি ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির বিধিমালায় শাপলা না থাকায় তাদের আবেদন একাধিকবার নাকচ হয়। পরবর্তীতে দলটি এককভাবে ‘শাপলা কলি’ প্রতীক প্রস্তাব করে।

প্রতীক পছন্দের শেষ দিন ১৯ অক্টোবর পার হলেও এনসিপি অন্য কোনো প্রতীক নিতে অস্বীকৃতি জানায়। অবশেষে নির্বাচন কমিশন নিজ বিবেচনায় প্রতীক তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করে।

এর আগে ২৭ অক্টোবর ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়; কমিশন নতুন প্রতীক নির্ধারণ করবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হলো রাজনৈতিক দলের প্রতীক তালিকায়।

error: Content is protected !!