জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশন (ইসি) তাদের দলকে ‘শাপলা’ প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে । রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “প্রতিদিনই ইসি বলছে— শাপলা প্রতীক দেওয়া যাবে না। কিন্তু কেন দেওয়া যাবে না, সেই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর তারা দিতে পারছে না। তারা বলছে এটি নাকি সংবিধানে জাতীয় প্রতীক হিসেবে উল্লেখ আছে। অথচ আমরা বলেছি, শাপলা কোনোভাবেই জাতীয় প্রতীক নয়।”
তিনি আরও বলেন, “আমাদেরকে কখনো খাট, কখনো পালঙ্ক, কখনো চেয়ার প্রতীক দিতে চাচ্ছে ইসি। অথচ শাপলা প্রতীক আমাদের দলের আদর্শ ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত।”
সারোয়ার তুষার দাবি করেন, শাপলা প্রতীক না দেওয়ার এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রভাবিত এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান— গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত না করে দ্রুত এনসিপিকে তাদের পছন্দের শাপলা প্রতীক বরাদ্দ দিতে।