পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য নেক আমল অর্জনের এক মহামূল্যবান সময়। এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর, যা মুসলিম উম্মাহর জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনার দিন। এই আনন্দ কেবল উৎসবের নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি সুযোগ।
ইসলামি শরিয়তে ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে, যা পালন করলে ঈদের তাৎপর্য আরও বৃদ্ধি পায়।
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ও ঈদের নামাজ আদায়
ঈদের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রস্তুতি নেওয়া এবং জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ আমল। ঈদের নামাজ মুসলমানদের জন্য এই দিনের প্রধান ইবাদত।
গোসল করা
ঈদের দিন গোসল করে ঈদগাহে যাওয়া মুস্তাহাব। সাহাবায়ে কেরামও এই আমল করতেন। হযরত নাফে (রহ.) থেকে বর্ণিত, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন (মুয়াত্তা মালেক: ৪৮৮)।
মিষ্টি কিছু খেয়ে ঈদগাহে যাওয়া
ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খাওয়া সুন্নত। হযরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) খেজুর না খেয়ে ঈদের নামাজে বের হতেন না এবং তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন (সহিহ বুখারি: ৯৫৩)।
সদকাতুল ফিতর আদায় করা
সদকাতুল ফিতর আদায় করা বিত্তবানদের জন্য ওয়াজিব। এটি রোজার ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র হওয়ার এবং অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাদারকে অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে পবিত্র করার জন্য এবং দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা হিসেবে (আবু দাউদ: ১৬০৯)। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম।
তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া
ঈদগাহে যাওয়ার পথে তাকবির বলা সুন্নত। যেমন:
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।”
এক পথে যাওয়া, অন্য পথে ফেরা
ঈদের নামাজে যাওয়ার সময় এক রাস্তা এবং ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। হযরত জাবের (রা.) বলেন, নবী করিম (সা.) ঈদের দিন ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করতেন (সহিহ বুখারি: ৯৮৬)।
আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়া
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা ইসলামের শিক্ষা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং প্রতিবেশীদের খোঁজ নেওয়া একটি গুরুত্বপূর্ণ সামাজিক আমল।
পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়া
ঈদের আনন্দ উদযাপনের মাঝেও যেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি অবহেলা না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। একজন মুমিনের জন্য নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত।