আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এ ধরনের আবহাওয়া পরিস্থিতি দেখা যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
ঈদের দিনে সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।