পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের এমনভাবে জীবন গঠন করতে হবে যাতে দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি।”
ঈদের নামাজ শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে, ঈদ উপলক্ষে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। এছাড়া বিকাল ৩টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।