ঈদে আসছে সাফা কবির–মুশফিক ফারহানের নতুন নাটক ‘লেলিন’

দেশ এডিশন বিনোদন ডেস্ক:
প্রকাশ: ২ দিন আগে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। নাটকটির নাম ‘লেলিন’। এতে তিনি অভিনয় করেছেন আঁখি চরিত্রে। তার বিপরীতে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান।

নাটকটি রচনা করেছেন দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তী এবং পরিচালনা করেছেন নির্মাতা সুব্রত সঞ্জীব।

নাটকের গল্পে দেখা যাবে, আঁখি একজন ধনী পরিবারের মেয়ে, যার জীবন প্রেম, ভয় এবং অনিশ্চয়তার এক জটিল বাস্তবতায় আবর্তিত হয়। অন্যদিকে লেলিন চরিত্রে অভিনয় করা মুশফিক ফারহান একজন উচ্চাভিলাষী যুবক, যে দ্রুত ধনী হওয়ার স্বপ্নে ভুল পথে পা বাড়ায়। বরিশালের কীর্তনখোলা নদীর তীরকে ঘিরে গড়ে ওঠা একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দেয় সে। আঁখির সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও ক্ষমতা ও প্রভাবের নেশায় সে ক্রমেই সহিংসতার পথে জড়িয়ে পড়ে।

গল্পের এক পর্যায়ে লেলিনের বাবা সামাদ মাঝি খুন হলে প্রতিশোধের আগুনে আরও বেপরোয়া হয়ে ওঠে সে। প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে এলাকা অস্থির হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে লেলিন ও তার দল। এদিকে লেলিনের কর্মকাণ্ডে মানসিকভাবে ভেঙে পড়ে আঁখি এবং তাদের সম্পর্কও সংকটে পড়ে।

রোমাঞ্চ, প্রেম ও সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত এই নাটকটি প্রচারিত হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।

নির্মাতা জানান, নাটকটিতে প্রেমের পাশাপাশি সমাজের কিছু কঠিন বাস্তবতাও তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ভাবাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

error: Content is protected !!