ঈদে গার্মেন্টস-কারখানা ধাপে ধাপে ছুটি দেয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২ ঘন্টা আগে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের চাপ কমাতে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একসঙ্গে অতিরিক্ত যাত্রীচাপ তৈরি হবে না বলে আশা করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদযাত্রা উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে রুট পারমিট বাতিল করা হবে।

তিনি আরও বলেন, পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। কোনো সমিতি বা সংগঠনের বৈধতা না থাকলে এবং তারা স্বেচ্ছাচারীভাবে অর্থ আদায় করলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, ঈদের আগে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়তে পারেন, যা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অস্থায়ী দোকান, অবৈধ পার্কিং ও ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামতে দেওয়া হবে না এবং চলমান সড়ক সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যাত্রীচাপ সামাল দিতে প্রয়োজনে বিআরটিসির অতিরিক্ত বাস প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

error: Content is protected !!