ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় সিএমপি’র প্রস্তুতি জোরদার

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৩ দিন আগে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে দামপাড়া সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাবদ্ধ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট সংগঠন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

error: Content is protected !!