ঈদে পর্দা জুড়ে নাজনীন নীহা, আসছে তিনটি নতুন নাটক

দেশ এডিশন বিনোদন ডেস্ক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। ঈদ উপলক্ষে তার অভিনীত অন্তত তিনটি নতুন নাটক মুক্তি পেতে যাচ্ছে, যার বেশিরভাগই রোমান্টিক গল্পনির্ভর।

জানা গেছে, রোমান্টিক ঘরানার একটি নতুন নাটকে নীহার বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। নাটকটির নাম ও শুটিং লোকেশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নীহা বলেন, রোমান্টিক গল্পে অভিনয় করতেই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার ভাষায়, দর্শক এই ঘরানায় তাকে বেশি গ্রহণ করেছেন, যা তার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

এর আগে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া নীহার অভিনীত নাটক যে কথা হয়নি বলা দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে। চ্যানেল আইয়ে প্রচারের পর ১৬ ফেব্রুয়ারি CMV–এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি অল্প সময়েই মিলিয়নের ঘর ছুঁয়েছে। আবেগী সংলাপ, গান ও সহজ গল্প বলার ধরন দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

নাটকটিতে নীহার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। ২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে এই জুটির পথচলা শুরু হয়। পরবর্তীতে তারা একসঙ্গে কাজ করেছেন ‘লাভ লাইন’, ‘আশিকি’সহ একাধিক নাটকে। ‘যে কথা হয়নি বলা’ নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জনম জনমে’ নাটকেও নীহাকে দেখা গেছে। তৌফিকুল ইসলাম পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।

মাত্র তিন বছরের ক্যারিয়ারে মূলত রোমান্টিক নাটকেই দর্শকের কাছে নিজেকে পরিচিত করে তুলেছেন নাজনীন নীহা। তিনি মনে করেন, রোমান্টিক গল্প সহজ মনে হলেও এতে অভিনয়ের জায়গায় বেশ চ্যালেঞ্জ থাকে। ভবিষ্যতে ভিন্ন ঘরানার কাজেও যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

error: Content is protected !!