ঈদ বাজারে নারীদের পছন্দে আগানূর-সাদাবাহার, স্টোন ওয়ার্ক পোশাকের চাহিদা তুঙ্গে

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও শপিংমলগুলো। ঈদের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় এখন থেকেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নানা বয়সি নারীরা। এক মার্কেট থেকে আরেক মার্কেট ঘুরে নিজেদের পছন্দের পোশাক খুঁজছেন তারা। এবারের ঈদে নারীদের কেনাকাটার তালিকায় দেশি-বিদেশি থ্রিপিসের চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

ফ্যাশন ট্রেন্ড বিশ্লেষণে দেখা গেছে, তরুণীদের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছে নূরস, আগানূর, মারিয়াবি, সাদাবাহার, সানা সাফিনায, জামাল কুদু, আলিয়া কাট, পার্সি, দিল্লি বুটিকস, তাওয়াক্কাল, বিন হামির, অর্গানজা, নায়রা, গারারা ও সারারা নামের থ্রিপিস। এসব পোশাকের বেশিরভাগই ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা।

বিক্রেতারা জানান, দেশি থ্রিপিস পাওয়া যাচ্ছে ৭৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। পাকিস্তানি থ্রিপিসের দাম ৩ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা এবং ভারতীয় থ্রিপিস বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকার মধ্যে। সিকোয়েন্স ও স্টোনের কাজ করা ভারী ডিজাইনের পোশাকের প্রতি তরুণীদের আগ্রহ বেশি। শর্ট কামিজের সঙ্গে প্যান্ট স্টাইলের সালোয়ার এবং নেট, টিস্যু বা অর্গ্যাঞ্জা কাপড়ের ভারী কাজ করা ওড়না এবারের ঈদ ফ্যাশনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

রাজধানীর নিউমার্কেটের ফাহিম এন্টারপ্রাইজের কর্মচারী মো. আলমগীর বলেন, এবারের ঈদে পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিস বিক্রি বেশি হচ্ছে। এছাড়া ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের চাহিদাও রয়েছে। পাকিস্তানি থ্রিপিস সাড়ে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা এবং ভারতীয় বুটিকস পোশাক ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, অনেক নারীর প্রথম পছন্দ এখন ফারসি পোশাক। মানভেদে এসব পোশাক বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা শায়লা রহমান জানান, ফারসি পোশাক আরামদায়ক ও বাতাস চলাচল উপযোগী হওয়ায় এবারের ঈদে তিনি এই পোশাক কিনতে আগ্রহী।

এদিকে ঈদ গরমের সময় হওয়ায় সুতি ও আরামদায়ক সিল্ক থ্রিপিসের চাহিদাও বেশ বেড়েছে। পাশাপাশি বাহারি ডিজাইনের কুর্তিও বিক্রি হচ্ছে ব্যাপক হারে। মৌচাক মার্কেটে কেনাকাটা করতে আসা তরুণী শারমিন বলেন, সাধ্যের মধ্যে দাম এবং আরামদায়ক হওয়ায় তিনি এবারের ঈদে সুতি থ্রিপিস কেনার পরিকল্পনা করেছেন।

অনলাইন ও বিভিন্ন মার্কেটে জনপ্রিয়তা পেয়েছে নায়রা কাট ড্রেস। জর্জেট, সিল্ক, লিলেন ও সুতি-সিল্ক মিশ্র কাপড়ে তৈরি এসব ড্রেসে অ্যাম্ব্রয়ডারি, কারচুপি ও লেইসের কাজ করা থাকে। কাপড় ও ডিজাইনভেদে এসব পোশাকের দাম ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে।

এছাড়া ফ্যাশনে জায়গা করে নিয়েছে সারারা ড্রেস, আনারকলি, কর্ড সেট এবং লাখনউ ড্রেস। কাপড় ও ডিজাইন অনুযায়ী এসব পোশাকের দাম ১ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

রাজধানীর বিভিন্ন নামি শোরুমের পাশাপাশি গাউছিয়া, নিউমার্কেট ও আশপাশের ফুটপাতের দোকানগুলোতেও এখন ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা বাজেটের মধ্যে পছন্দের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

ঈদ ঘিরে তাই রাজধানীর মার্কেট থেকে ফুটপাত—সব জায়গাতেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

error: Content is protected !!