উত্তরায় নিরাপত্তাকর্মীর লাইসেন্সধারী শ ট গান ছি*ন তাই, একজনকে তুলে নেওয়ার অভিযোগ

আলী হোসেন (শ্যামল) | বিশেষ প্রতিবেদক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত এক সদস্যের কাছ থেকে লাইসেন্সধারী শটগান ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় আরেক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে বলেও তথ্য পেয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, একটি গাড়িতে এসে কয়েকজন ব্যক্তি এলিট ফোর্স সদস্য মাহবুব (৫৬)–এর পথরোধ করে তাকে শারীরিকভাবে আঘাত করেন এবং তার কাছে থাকা লাইসেন্সধারী শটগান নিয়ে যান। একই সময়ে অন্য একজনকে গাড়িতে তুলে নেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, আহত মাহবুবকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার কারণে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত কার্যক্রম চলছে বলে জানান ওসি।

এলিট ফোর্সের সিনিয়র জেনারেল ম্যানেজার সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) খলিলুর রহমান জানান, মাহবুব প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী এবং তিনি সাবেক সেনাসদস্য। তার বাড়ি রাজশাহীতে। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

error: Content is protected !!