উদ্যোগ ও ঐক্যে সম্ভব উন্নয়ন—প্রমাণ করল সিলেটের এক জনপদ

আক্তার হোসেন, সিলেট :
প্রকাশ: ২ ঘন্টা আগে

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর (ভূলতা) এলাকায় অবশেষে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রায় শত বছর ধরে যাতায়াত সুবিধাবঞ্চিত থাকা স্থানীয় বাসিন্দাদের চলাচলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, একটি সড়কের অভাবে এলাকার দুটি পরিবারের কয়েকশ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। একই সঙ্গে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদেরও প্রতিদিন যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত।

এলাকাবাসীর সহযোগিতা এবং প্রশাসনের উদ্যোগে অবশেষে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং উন্নয়নের এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

জানা গেছে, রাস্তা নির্মাণে জমি প্রদান করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আশিক মিয়া এবং হাজী আখলাক আহমদের পরিবার। তাদের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের পথে এগিয়ে গেছে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই রাস্তা চালু হলে এলাকার শিক্ষা ব্যবস্থা, যাতায়াত এবং সামগ্রিক জীবনমানের উন্নয়ন হবে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা সরকার মামুনুর রশীদ জানান, রাস্তার কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

স্থানীয় সচেতন মহল আশা করছে, এই উদ্যোগ ভবিষ্যতে এলাকার আরও উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

error: Content is protected !!