একদিন পেছালো বইমেলা, অংশ নিচ্ছে ‘প্রকাশক ঐক্য’

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৮ ঘন্টা আগে

অমর একুশে বইমেলা ২০২৬ আরও একদিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না।

রোববার রাতে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, বাংলা একাডেমির শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রকাশকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া ও জটিলতা নিয়ে আলোচনা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—বইমেলায় প্যাভিলিয়ন ব্যবস্থা বাতিল করা হবে এবং আগে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এ ক্ষেত্রে প্রকাশক নেতাদের সহযোগিতার কথা জানানো হয়। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারির এক বৈঠকে বইমেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে, বিভিন্ন দাবি-দাওয়ার কারণে বইমেলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য শেষ পর্যন্ত বইমেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রকাশক নেতারা জানান, তারা শুরুতে ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে সময় ও বাস্তবতা বিবেচনায় তা কার্যকর হয়নি। নতুন সরকারের সঙ্গে একাধিক বৈঠকের পর প্রকাশকদের দাবির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হওয়ায় তারা বইমেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক ও লেখকরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!