একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার নীরবতা, জয়পুরহাট শহীদ মিনারে আবেগঘন মুহূর্ত

প্রতিবেদন: আবু জাফর | কালাই, জয়পুরহাট
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

একুশের প্রথম প্রহর মানেই নীরব শ্রদ্ধা, ভেজা চোখ আর ইতিহাসের কাছে মাথা নত করা। ভাষার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই শহীদদের স্মরণে আজ রাত ১২টা ১ মিনিটে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে গভীর আবেগ ও শ্রদ্ধার আবহ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট–২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আঃ মামুন মিয়াসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবকের প্রতিটি ফুল যেন একটাই কথা উচ্চারণ করেছে—
“ভাষার মর্যাদা কখনো ম্লান হয় না।”

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে, নিজের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ভাষা আন্দোলনের চেতনার প্রতি এক গভীর অঙ্গীকার।

অমর একুশের এই প্রথম প্রহরে সকল ভাষা শহীদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শহীদদের আত্মত্যাগের পথ ধরেই এগিয়ে যাক আমাদের প্রজন্ম—মাতৃভাষার সম্মান বুকে ধারণ করে। একুশ হোক আমাদের সাহস, আমাদের বিবেক, আমাদের অহংকার।

error: Content is protected !!