জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেত্রী তাসনূভা জাবীন ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক প্রচারণা ও অনলাইন আক্রমণ নিয়ে বক্তব্য দেন।
পোস্টে তাসনূভা জাবীন দাবি করেন, কিছু ব্যক্তি ও তাদের পরিবারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার ভাষা ও ছড়ানোর ধরনে একটি নির্দিষ্ট “প্যাটার্ন” দেখা যায়। তিনি উল্লেখ করেন, আগেও একই ধাঁচে ব্যক্তিগত আক্রমণ এবং বিভিন্ন ইস্যু নিয়ে অনলাইন প্রচারণা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, মতভিন্নতার কারণে অনেক সময় নির্দিষ্ট ব্যক্তি বা “কণ্ঠস্বর”কে লক্ষ্যবস্তু করা হয় এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি ঘটে বলে তিনি ইঙ্গিত দেন।
একই পোস্টে তাসনূভা জাবীন অতীতের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ টেনে বলেন, একসময় মতপ্রকাশের কারণে মামলা ও দমন-পীড়নের ভয় ছিল; তবে এখন পরিস্থিতিতে কিছু পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন—ব্যক্তিগত আক্রমণ ও অনলাইন অপপ্রচারের সংস্কৃতিও একসময় দুর্বল হয়ে আসবে।