এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গিয়ে গুরুতর জটিলতায় পড়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহে ব্যর্থ হওয়ায় প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থনপত্র জমা দিতে হয়। এর জন্য ভোটারদের সিরিয়াল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। গতকাল থেকে ঢাকা-৯ আসনের খিলগাঁও এলাকায় ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন তাসনিম জারা। তবে আজ জানা গেছে, ভোটার সিরিয়াল নম্বর পাওয়ার কোনো কার্যকর উপায় না থাকায় তিনি বড় ধরনের বিপাকে পড়েছেন।
এ বিষয়ে তাসনিম জারা জানান, ভোটার নম্বর পাওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত পাঁচটি উপায় রয়েছে—এসএমএস, অনলাইন, কল সেন্টার, কিউআর কোডসহ অন্যান্য মাধ্যম। কিন্তু বাস্তবে একটি পথও কার্যকর নয়। তাঁর ভাষায়, “ভোটার নম্বর ছাড়া স্বতন্ত্র প্রার্থী হওয়া অসম্ভব করে রাখা হয়েছে। ওয়েবসাইটের সার্ভার ডাউন, অন্য কোনো মাধ্যমেও তথ্য পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা পথ বন্ধ।”
তিনি আরও বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হতে চাই, সে জন্য ভোটার নম্বর প্রয়োজন। কিন্তু নির্বাচন কমিশন এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে ভোটার নম্বর পাওয়া একেবারেই অসম্ভব।”
এদিকে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করা যাবে কি না, তা নিয়ে তীব্র সংশয় দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধান না হলে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল অনিশ্চিত হয়ে পড়তে পারে।