এবার বিচারকদের দেশজুড়ে কলম বিরতির হুঁশিয়ারি

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দেশের বিচারকদের কর্মক্ষেত্র ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে রোববার থেকে সারা দেশের বিচারকেরা একযোগে কলম বিরতি পালনের সিদ্ধান্ত নেবেন।

বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী অবিলম্বে নিযুক্ত করতে হবে। এছাড়া রাজশাহীর ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিজেএসএ এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এবং নিহত বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বিজেএসএ আরও জানায়, বিচারকরা রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। জেলা পর্যায়ের সব বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই।

বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বদা নিয়োজিত থাকা বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কর্তৃক কার্যকর ব্যবস্থা নেওয়া অতীব জরুরি।

error: Content is protected !!