এমপি আবদুল হান্নান মাসউদ-এর গাড়িবহরে হামলা, আহত ২৫

মোঃ দিদার উদ্দিন | হাতিয়া উপজেলা নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: ৬ minutes ago

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এমপি হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহরসহ প্রকল্প বাজার অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে একাধিক মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, প্রতিপক্ষের নেতৃত্বে তার গাড়িবহরে হামলা চালানো হয় এবং এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। তিনি দাবি করেন, হামলায় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয় এবং ১০টির বেশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে এমপি হান্নান মাসউদ ও তার সমর্থকরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে অবস্থান নেন। এতে এলাকায় যানচলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর থেকে এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

error: Content is protected !!