সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের সরকারি গাড়ির চাপায় সিলেটের মদনমোহন কলেজের অফিস সহকারী আশিষ কুমার দাস বিনয় (৫৫) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার স্বজনরা।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন আশিষ কুমার দাস। এ সময় ছাতকের এসিল্যান্ডের সরকারি গাড়ি (সুনামগঞ্জ-থ-১০-০০১৩) তার মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের এসিল্যান্ড সঞ্জয় ঘোষ সেদিন সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ‘কালনি এক্সপ্রেস’-এ যাওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো সিলেট রেলস্টেশনে পৌঁছাতে না পারায় ট্রেন মিস করেন তিনি। পরে সরকারি নিয়ম ভঙ্গ করে শ্রীমঙ্গল স্টেশনে ট্রেন ধরতে নিজ সরকারি গাড়ি নিয়ে রওনা দেন। পথে ঘটে এ দুর্ঘটনা।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করে এবং চালক আলবাব হোসেনকে হেফাজতে নেয়। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ কোনো সাড়া দেননি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান জানান, ঘটনায় নিহতের পরিবার ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।