আততায়ীর গুলিতে নিহত ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
শুক্রবার নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক শোকবার্তা প্রকাশ করে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস, যুক্তরাজ্য হাইকমিশন এবং ইইউ দূতাবাস এ শোক জানায়।
যুক্তরাষ্ট্র দূতাবাসের শোকবার্তায় বলা হয়,
“যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”
যুক্তরাজ্য হাইকমিশনের বার্তায় বলা হয়,
“তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।”
ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় উল্লেখ করে,
“শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সকলের প্রতি আমাদের সমবেদনা।”
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে চলাচলের সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলতে থাকে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে। স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।