ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

সংকটাপন্ন ওসমান হাদি, সিঙ্গাপুরে জটিল ব্রেন অপারেশনের প্রস্তুতি মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, তার ব্রেইনে জটিল একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

চিকিৎসা সূত্র জানায়, হাদির ব্রেনস্টেমে আটকে থাকা গুলির একটি অংশ অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এই অপারেশনকে চিকিৎসকদের পক্ষ থেকে শেষ বড় চিকিৎসা প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে হাদির সঙ্গে সিঙ্গাপুরে তার দুই ভাই অবস্থান করছেন। পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। পরে তিনি ফোনে দৈনিক আমার দেশ-কে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানান।

এদিকে ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব জটিলতার কারণে বুধবার রাতেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং বর্তমানে তাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত রাতেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে আলোচনা করেন।

এদিকে সরকার হাদির চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে। তিনি হাদির পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিতভাবে হাদির সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতির বিষয়েও উপদেষ্টাদের অবহিত করা হয়েছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!