কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কনে হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা সাবা সানজিদা রহমান। কনের বাড়ি ঢাকার ওয়ারীতে, আর নানির বাড়ি সিলেটে। কনে আর্মি অফিসার, বর গায়ক পৃথিবীতে বিরল বিয়ে : তানজীব সারোয়ার!
(শুক্রবার) ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় এক পারিবারিক আয়োজনে তানজীব সারোয়ার ও সাবা সানজিদা রহমানের আংটি বদল সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তানজীব সারোয়ার নিজেই। তিনি বলেন,
“হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়েছে গতকাল। খুব সীমিত পরিসরে, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই অনুষ্ঠানটি হয়েছে। সবাইকে জানানোর সুযোগ পাইনি। বিয়ের সময় জানাবো। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কারণ এখনো সাবার অফিসিয়াল অনুমোদন পাওয়া বাকি।”
কনে সম্পর্কে জানতে চাইলে তানজীব সারোয়ার বলেন,
“আমাদের সম্পর্কটা একেবারে ব্যতিক্রম। ও একজন সেনা কর্মকর্তা, আমি একজন গায়ক — এমন জুটি পৃথিবীতে বিরল। আমি তো এখনো শুনিনি কোনো দেশে আর্মি অফিসার আর গায়কের বিয়ে হয়েছে!”
তিনি আরও জানান, সাবা সানজিদা রহমান সেনাবাহিনীর লং কোর্সের অফিসার এবং বর্তমানে লেফটেন্যান্ট পদে কর্মরত।
অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে তার পরিচয় ছিল বলে জানান তানজীব। তিনি বলেন,
“ওর সঙ্গে আমার আগে থেকেই কথা হতো। আল্লাহর অশেষ কৃপায় বিষয়টি এখন আনুষ্ঠানিক রূপ নিয়েছে।”
তানজীব সারোয়ার সাম্প্রতিক বছরগুলোতে ‘দূরে দূরে’, ‘বালিখেলা’, ‘বুকের মধ্যে আগুন’, ‘আমি পারব না তোমায় ভুলতে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।