কর্মদিবসে সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ করা কিংবা দেরিতে অফিসে উপস্থিত হওয়া শৃঙ্খলা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অফিস সময় শেষ হওয়ার পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না। পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস সময় বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি প্রদান এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়, কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, দেরিতে অফিসে উপস্থিত বা অফিস ত্যাগ করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!