ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “১১ দলীয় সমঝোতা যেই নীতি ও আদর্শের ভিত্তিতে হয়েছিল সেটা ব্যর্থ হলো।”
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশে মানুষ প্রকৃত ইতিহাস দেখতে পারেনি। এদেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—তার বাস্তবায়ন আমরা দেখতে পাইনি।
তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে ইসলামপ্রিয়, শান্তিপ্রিয় মানুষের কাছে যাবো—যাতে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন আদায় করা যায়। কিন্তু স্বার্থান্বেসী দল বা মহল ইসলামের পক্ষে সেই বাক্সটাকে ব্ল্যাকমেইল করে ছিনিয়ে নিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে।”
পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দেওয়ার মাধ্যমে সমঝোতার মূল উদ্দেশ্য ব্যর্থতায় পরিণত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় কাঁচপুর বালুর মাঠে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আহবায়ক মাও. দ্বীন ইসলাম এর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, মুফতি হাবিবুল্লাহ মেছবাহ সহ আরও অনেকে।
পীর সাহেব চরমোনাই বলেন, “যারা নিজেদের সাথীদের সাথে প্রতারণা করতে পারে তারা দেশবাসীর সাথেও প্রতারণা করবে—এটাই বাস্তব। কোন প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, এমপি/মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না—দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে।
আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। বিশেষ করে কর্মী ও মা-বোনদের নিকট তিনি অনুরোধ করেন—“ইসলামের পক্ষে হাতপাখাকে বিজয়ী করুন।”
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ বলেন,
“সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা কঠোর থাকবো। চাঁদাবাজদের কারণে অনেক ইন্ডাস্ট্রিজ মালিক বিরক্ত। তারা ব্যবসা পরিচালনায় বাধাগ্রস্ত হচ্ছেন এবং নতুন ইন্ডাস্ট্রি স্থাপনে শংকিত। আমরা শিল্পপতি সহ সকল ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ।”