গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় মনীষা বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনীষা বেগম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের রনির স্ত্রী। তিনি কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত লিবার্টি নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে আটটার দিকে মনীষা বেগম রোড ডিভাইডার টপকে রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানাহেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ আটক করেছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, কর্মস্থলে যাওয়ার সময় ট্রাকচাপায় ওই নারী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।