সংবাদ মাধ্যমে সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে উপজেলা ও জেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়ে তদন্তে ৩ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিজিয়া সড়ক এবং লেমশেখালি ইউনিয়নের হাজারিয়া পাড়া সংযোগ সড়কের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে আসে। সম্প্রতি প্রকাশিত এক সংবাদে উল্লেখ করা হয়, গাইড ওয়াল নির্মাণে প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করায় সামান্য চাপেই তা ভেঙে পড়ছে। এছাড়া রাস্তার কাজে লবণাক্ত পানি ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
বিষয়টি জেলা ও উপজেলা এলজিইডি কর্মকর্তাদের নজরে এলে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত টিমকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন সড়ক ও গাইড ওয়ালের কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এলজিইডি সূত্র জানায়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নিম্নমানের কাজ অপসারণ করে পুনরায় সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছিল। গাইড ওয়ালে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করায় তা দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি লবণাক্ত পানি ব্যবহার করার বিষয়টি নিয়েও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরদারি বাড়ায় তারা আশাবাদী যে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে।