কুমারখালীতে ট্রেনের ধাক্কায় এলজিইডি কর্মীর মৃত্যু

প্রকাশ: ২ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম (৫২) নামে এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমারখালী রেলস্টেশন সংলগ্ন ফুলতলা এলাকায় একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার সদকি ইউনিয়নের ঘাসখাল এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি কুমারখালী এলজিইডি (LGED) কার্যালয়ে নিরাপত্তা কর্মী (নৈশ্যপ্রহরী) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময় একটি মোটরসাইকেল রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী এলজিইডি কার্যালয়ের উপজেলা প্রকৌশলী নাজমুল হক।

স্থানীয়দের অভিযোগ, ফুলতলা এলাকার এই অননুমোদিত রেলক্রসিং দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। এখানে রেলগেট বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে কুমারখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তিনি জানান, এলাকাটি অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় সেখানে গেট স্থাপন করা হয়নি। তবে স্থানীয়রা লিখিত আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উপজেলা প্রকৌশলী নাজমুল হক বলেন, অফিসের কাজ শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় তার এক সহকর্মীর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সেখানে নিরাপত্তা ব্যবস্থা না থাকাটাও উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার সরকারি কর্মচারীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে জানান, ফুলতলা এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

error: Content is protected !!