কুমারখালী হাসপাতালে ময়লা পরিষ্কার করলেন এমপি

সাকিব হোসেন:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীর তীব্র সংকটের কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় নিজ হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

সোমবার (সকাল ১০টা থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় এমপি আফজাল হোসেন ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের হাতে সার্জিক্যাল গ্লাভস, মাথায় টুপি ও শরীরে গাউন দেখা যায়। তাঁরা বড় ঝাড়ু দিয়ে হাসপাতাল প্রাঙ্গণের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনের সামনে ফুলের বাগানের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এমপি ও তাঁর দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দীন মাস্টার, সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, কর্মপরিষদ সদস্য ও বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা প্রমুখ।

সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। তাঁর নির্দেশনায় কুষ্টিয়া-৪ আসনেও আজ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। হাসপাতালসহ প্রতিটি প্রান্তরকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই।”

তিনি আরও জানান, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ৫০ শয্যার এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করতে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খালেক সাইফুল্লাহ জানান, হাসপাতালে বর্তমানে ৩টি ওয়ার্ডবয় পদের সবগুলোই শূন্য, মালী পদটিও শূন্য রয়েছে। এছাড়া ২টি নিরাপত্তা কর্মীর পদ এবং ৫টি পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ৪টি পদ শূন্য থাকায় হাসপাতালের সার্বিক কার্যক্রমে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তবে আজকের অভিযানের পর এমপি জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।

error: Content is protected !!