কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে মেডিকেল কলেজ হাসপাতালগামী সড়কের ইপিজেড রোড অংশে সরকারি জায়গা দখল করে দোকান ও ভ্যান বসানোর অভিযোগ উঠেছে। এসব অবৈধ স্থাপনার কারণে টমছমব্রীজ-বাখরাবাদ সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ এগিয়ে নিতে পারছে না।
সিটি করপোরেশনের উদ্যোগে দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ বাখরাবাদ-মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রকল্পের ইতোমধ্যে প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হলেও সড়কের একাংশে সরকারি জমিতে দোকানপাট গড়ে ওঠায় কাজ থমকে গেছে।
অভিযোগ রয়েছে, সড়কের পাশে কাঁচাবাজার, মুদি দোকান, চটপটি, চা-ডিমসহ বিভিন্ন খাবারের দোকান বসানো হয়েছে। এতে সড়কের নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়েছে এবং উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ঠিকাদার পক্ষ থেকে একাধিকবার দোকান সরাতে নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে। এমনকি গত সপ্তাহে সেনাবাহিনীও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেয় বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে সময় পার হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দোকানগুলো বহাল রয়েছে। স্থানীয়দের মতে, ইপিজেড ছুটির সময় এ সড়কে প্রতিদিনই তীব্র যানজট দেখা দেয়। দোকান ও ভ্যানের কারণে রাস্তা আরও সরু হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানদার জানান, প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে দোকান তুলে ভাড়া দিয়েছেন। এতে আশপাশের বৈধ দোকানগুলো আলো-বাতাস থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। তারা আরও দাবি করেন, অনেক ব্যবসায়ী অগ্রিম টাকা ও পুঁজি বিনিয়োগ করে দোকান নিয়েছেন—ফলে হঠাৎ উচ্ছেদ হলে বিপাকে পড়বেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন সহযোগী জানান, অবৈধ দোকানগুলো অপসারণ না হলে পরিকল্পনামাফিক সড়ক সোজা করা যাবে না। এতে কাজ শেষ করাও কঠিন হয়ে পড়বে এবং সড়ক বাঁকা ও সংকীর্ণ থেকে যাবে।
স্থানীয়রা দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করে সড়ক সংস্কার কাজ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।